এইমাত্র
উজিরপুর

উজিরপুরে প্রধান শিক্ষককে নারীসহ আটকের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বরিশালের উজিরপুরে এক ছাত্রীর মায়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষকে স্থানীয়রা আটক করেছেন। আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পরীক্ষা চলছিল।

স্থানীয়দের অভিযোগ, পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক বোরকা পরিহিত এক নারীকে নিজের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা ওই নারীসহ শিক্ষককে আটক করেন। এ সময় ওই নারীকে একাধিকবার ক্ষমা চাইতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে স্থানীয় এক বিএনপি নেতার মধ্যস্থতায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী নেছার উদ্দিন হাওলাদার বিএইচএস নিউজকে জানান, ওই শিক্ষককে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিজ ঘরে পাওয়া যায়। এর আগেও তাঁর বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলে তিনি দাবি করেন।

ওটরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. কামরুজ্জামান টুলু বিএইচএস নিউজকে বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করেন। পরে দলের এক জ্যেষ্ঠ নেতার অনুরোধে তাঁকে ছাড়িয়ে আনা হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ বিএইচএস নিউজকে বলেন, ব্যাংকে যাওয়ার পথে বিএনপির লোকজন তাঁকে আটক করে নিয়ে যায় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তবে কারা তাঁকে আটক করেছে, এমন প্রশ্নে তিনি কারও নাম জানাতে পারেননি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন খানম বিএইচএস নিউজকে বলেন, বিষয়টি তিনি অন্যদের মাধ্যমে শুনেছেন। বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষকের ব্যাংকে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিএইচএস নিউজকে বলেন, ঘটনাটি তাঁদের নজরে এসেছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।