বরিশালের গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা আল-আমীন খান।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় গৌরনদী উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আল-আমীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমির ডা. এস এম মাহফুজুর রহমান, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন বরিশাল বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, গৌরনদী পৌর আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ।
এ ছাড়া সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পুরুষ ও মহিলা রুকনরা অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নবনির্বাচিত উপজেলা আমিরের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। ২০২৭-২৮ মেয়াদের জন্য দায়িত্বভার গ্রহণ করে শপথ নেন মাওলানা আল-আমীন খান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার মাধ্যমে গৌরনদী উপজেলায় জামায়াতে ইসলামীকে একটি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। এ লক্ষ্য অর্জনে উপজেলার সব পর্যায়ের দায়িত্বশীল ও রুকনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।
