এইমাত্র
পটুয়াখালী

মির্জাগঞ্জে তারেক রহমানের জন্মদিন পালিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু ও সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সী। এ ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের রাজনৈতিক জীবন, তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে তাঁর ভূমিকা এবং দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে দলের নেতৃত্ব দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা জন্মদিনের কেক কাটেন। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।