বরিশাল মহানগরীর আয়তন ও জনসংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি পুলিশের সক্ষমতা। চারটি থানা দিয়ে প্রায় সাড়ে সাত লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বাড়তি চাপ সামলাতে হচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে (বিএমপি)। নদীবেষ্টিত বিস্তীর্ণ এলাকা, যোগাযোগের সীমাবদ্ধতা এবং অপরাধের পরিবর্তিত ধরন সেই চাপ আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে মহানগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএমপি।
উদ্যোগের অংশ হিসেবে নতুন চারটি থানা ও তিনটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নতুন চারটি থানা হলো কাশিপুর, রায়পাশা-কড়াপুর, চরমোনাই ও বিশ্ববিদ্যালয়। প্রস্তাব বাস্তবায়িত হলে মহানগরে থানার সংখ্যা বেড়ে আটটি হবে। একই সঙ্গে পুলিশের আওতাধীন এলাকার আয়তন বাড়িয়ে প্রায় ৫৫০ বর্গকিলোমিটার এবং বর্তমান জনবল দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিএমপি সূত্র জানায়, ২০০৬ সালের ২৬ অক্টোবর একটি থানা নিয়ে যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে ৪৪৭ বর্গকিলোমিটার এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে সংস্থাটি। গত ২৬ অক্টোবর বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা প্রথম জানানো হয়েছিল; এবার প্রস্তাবিত থানাগুলোর নাম ও বিস্তারিত প্রকাশ পেল।
পুলিশের হিসাবে, বিএমপির আওতাধীন এলাকায় বছরে প্রায় ১ হাজার ১০০টি মামলা হয়। প্রায় সাড়ে সাত লাখ মানুষের নিরাপত্তায় বর্তমানে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৩২ জন পুলিশ সদস্য। অর্থাৎ গড়ে ৩৭৪ জন মানুষের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন পুলিশ সদস্য। তবে এই জনবলের সবাই সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন না; প্রশাসনিক ও অন্যান্য দায়িত্বের কারণে মাঠপর্যায়ে কার্যকর জনবল আরও কম।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তাঁর থানার আওতায় সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডের পাশাপাশি পাঁচটি ইউনিয়ন রয়েছে। রায়পাশা-কড়াপুর এলাকায় যেতে শহর ঘুরে যেতে হয়, আর নদীবেষ্টিত কিছু এলাকায় বাবুগঞ্জ ঘুরে পৌঁছাতে হয়। এতে পুলিশি সেবা দিতে সময় বেশি লাগে। ওই এলাকায় পৃথক থানা স্থাপন করা হলে স্থানীয় বাসিন্দাদের দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তাঁর থানা এলাকায় প্রায় চার লাখ মানুষের বসবাস। এত বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পুলিশ সদস্য ও যানবাহনের ঘাটতি রয়েছে। থানা ও ফাঁড়ির সংখ্যা বাড়ানোর পাশাপাশি যানবাহন, আবাসন এবং অন্যান্য লজিস্টিক সুবিধাও বাড়াতে হবে বলে তিনি জানান।
বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং ও প্রতারণার মতো অপরাধের বিষয়ে পুলিশকে নিয়মিত নজরদারি করতে হচ্ছে। থানা ও পুলিশ ফাঁড়ির সংখ্যা বাড়ানো হলে মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও অপরাধ গবেষক আলমগীর হোসাইন বলেন, পদ্মা সেতু চালুর পর বরিশাল অঞ্চলে মানুষের যাতায়াত বেড়েছে। শহরের বিস্তারের সঙ্গে জনসংখ্যা ও অপরাধের ধরনেও পরিবর্তন এসেছে। এ পরিস্থিতিতে মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে থানা ও জনবল দুটিই বাড়ানো প্রয়োজন।
বিএমপি কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, অপরাধের ধরন, মানুষের চাহিদা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন চারটি থানা ও তিনটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বরিশাল মহানগরীর বিস্তৃত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের সক্ষমতা বাড়বে।
