বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ—তাদের সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি। পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের সহকারী পরিচালক মো. এবাদুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
