এইমাত্র
উজিরপুর

উজিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালের উজিরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে ২৯৮ পিস ইয়াবা, ২৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫৯ হাজার ৯১০ টাকা উদ্ধার হয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, ২০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এসআরবি-৮ বরিশালের একটি টহল দল উজিরপুর থানাধীন ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উজিরপুর থানার মাহার এলাকায় মিনহাজ হাওলাদার বাড়ির রিয়াজের বসতঘরে একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে মো. রিয়াজ হাওলাদারকে (২৩) গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫৯ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার রিয়াজ উজিরপুর থানার মাহার গ্রামের মৃত শাহাজ উদ্দিন হাওলাদারের ছেলে।