চরফ্যাশন উপজেলার উপকূলীয় বনাঞ্চলে বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারি চক্র। বনের গভীরে ফাঁদ পেতে বন্য হরিণ শিকার করে বিভিন্ন নৌঘাট ব্যবহার করে মাংস পাচারের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ কয়েকটি চক্রের বিরুদ্ধে। ঢালচর, চর নিজাম ও চর কুকরি-মুকরির বনাঞ্চলে এসব চক্রের তৎপরতায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে বনের নির্জন এলাকায় সক্রিয় হয় শিকারিরা। হরিণ শিকারের পর মাংস গোপনে লোকালয়ে এনে সামরাজ মৎস্যঘাট, নতুন স্লুইসগেট ঘাট, পাঁচকপাট ঘাটসহ বিভিন্ন নৌঘাট দিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। চরফ্যাশনের বাইরের বিভিন্ন এলাকাতেও হরিণের মাংস সরবরাহ করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
হরিণ শিকারের বিষয়টি নতুন নয়। ২০২৬ সালের জুন মাসেও চরফ্যাশনের পূর্ব ঢালচর এলাকায় সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে হরিণ শিকারের অভিযোগ ওঠে। বন বিভাগের তথ্য অনুযায়ী, একই বছরের আগস্টে চরফ্যাশনের কালকিনি চরের বনাঞ্চলে অভিযান চালিয়ে জবাই করা একটি পূর্ণবয়স্ক চিত্রা হরিণের মাংস ও চামড়া উদ্ধার করে বন বিভাগ। গত ৪ আগস্ট চরফ্যাশন রেঞ্জের বিট কর্মকর্তা আব্বাস উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়; বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী ৬ আগস্ট অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চরফ্যাশন উপজেলা আদালতে মামলা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢালচর ইউনিয়নের এক ব্যবসায়ী জানান, ৫ আগস্টের পর থেকে একটি অসাধু চক্র ঢালচরের বনের গভীরে দীর্ঘদিন ধরে হরিণ শিকারের সঙ্গে জড়িত। তাঁর দাবি, শিকারিরা গভীর রাতে পূর্ব ঢালচরের বনে প্রবেশ করে হরিণ শিকার করে, পরে মাংস সংরক্ষণ করে একাধিক হরিণের মাংস একত্র করে বিভিন্ন ঘাট দিয়ে অন্যত্র পাঠায়। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রতি কেজি হরিণের মাংস ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয় বলে তিনি জানান।
এ বিষয়ে ঢালচর ইউনিয়ন বন বিভাগের বিট কর্মকর্তা তোসাদ্দেক হোসেন বলেন, তিনি নতুন যোগদান করেছেন; বনে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক ঢালচর ইউনিয়ন বিট কর্মকর্তা ও ভারপ্রাপ্ত চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে বন বিভাগ এর আগে অসাধু চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে এবং আদালতের নির্দেশে জব্দ করা হরিণের মাংস ও জবাই করা হরিণ মাটিচাপা দেওয়া হয়েছে।
