এইমাত্র
ভোলা

ভোলায় ছয় লাখ শিশুর জন্য মাত্র দুই বিশেষজ্ঞ চিকিৎসক

ভোলা জেলার ছয় লাখের বেশি শিশুর চিকিৎসার ভার এখন মাত্র দুজন শিশু বিশেষজ্ঞের কাঁধে। জেলার সাতটি সরকারি হাসপাতালের মধ্যে পাঁচটিতেই কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে উপজেলা পর্যায়ে চিকিৎসা না পেয়ে অসুস্থ শিশুদের নিয়ে জেলা সদরে ছুটতে হচ্ছে অভিভাবকদের, সেখানেও মিলছে না পর্যাপ্ত সেবা।

২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে ৬০টি। অথচ সেখানে প্রতিদিন গড়ে ভর্তি থাকে ৩০০ থেকে ৩৫০ শিশু। শয্যা না পেয়ে মেঝে, বারান্দা, চলাচলের পথ এমনকি সিঁড়ির কোঠায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। বহির্বিভাগে প্রতিদিন পাঁচ শতাধিক শিশু চিকিৎসা নিতে আসে।

হাসপাতালের একমাত্র শিশু বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. সালাহউদ্দীনকে শিশু ওয়ার্ডের পাশাপাশি হাম, ডেঙ্গু ও ডায়রিয়া ওয়ার্ডেও দায়িত্ব পালন করতে হচ্ছে। বিএইচএস নিউজকে তিনি বলেন, একজন চিকিৎসকের পক্ষে এত রোগীকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া অত্যন্ত কঠিন; অভিভাবকদের সব কথা শোনার পর্যাপ্ত সময়ও পাওয়া যায় না।

২০২২ সালের জনশুমারি অনুযায়ী, ভোলা জেলায় শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৬ লাখ ৪১ হাজার, যা জেলার মোট জনসংখ্যার ৩৩ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু ৪ লাখ ২৭ হাজার এবং পাঁচ বছরের নিচে ২ লাখ ২৫ হাজার। জেলার সাতটি সরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞের অনুমোদিত পদ আটটি; এর মধ্যে ভোলা জেনারেল হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে চিকিৎসক কর্মরত রয়েছেন, বাকি ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।

তজুমদ্দিনের কামরুল ইসলাম গত সোমবার ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত নয় মাস বয়সী সন্তানকে নিয়ে ভোলা জেনারেল হাসপাতালে আসেন। তিনি জানান, বাড়ির কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ না থাকায় প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদরে আসতে হয়েছে, কিন্তু সেখানেও শয্যা পাননি। হাসপাতালে ভর্তি এক শিশুর মা মরিয়ম বেগম বলেন, তিন বছর বয়সী অসুস্থ সন্তানকে ভর্তি করিয়েছেন, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সঠিক চিকিৎসা মিলছে না; বেসরকারিভাবে চিকিৎসা করানোর সামর্থ্যও তাঁর নেই।

ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, আটটি অনুমোদিত পদের মধ্যে দুটি পদে চিকিৎসক কর্মরত রয়েছেন; বাকি ছয়টি পদ শূন্য থাকায় শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমস্যা হচ্ছে। শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শুধু শিশু বিশেষজ্ঞ নয়, ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসকের ৮৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৭ জন।