এইমাত্র
বরিশাল সদর

বরিশাল বিভাগে সারের ডিলারশীপে রাজনীতির প্রাধান্য, ২৮৫ জনের ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট

গত অক্টোবরে নিয়োগ পাওয়া বরিশাল বিভাগের ২৮৫ জন সার ডিলারের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ২৩৪ জনেরই রাজনৈতিক পরিচয় রয়েছে।

তালিকা অনুযায়ী, ২০৯ জন বিএনপি-সংশ্লিষ্ট। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ জন, জামায়াতে ইসলামীর চারজন এবং এনসিপির দুইজন ডিলারশিপ পেয়েছেন। বাকি ৫১ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি।

জেলাওয়ারি হিসাবে, বরিশাল জেলায় ৮৯ ডিলারের মধ্যে ৭২ জন, ভোলায় ৫০ জনের মধ্যে ৪৯ জন, পিরোজপুরে ৪৬ জনের মধ্যে ৪২ জন, ঝালকাঠিতে ৩৪ জনের মধ্যে ২৩ জন, বরগুনায় ৪৪ জনের মধ্যে ১৮ জন এবং পটুয়াখালীতে ২২ জনের মধ্যে ৫ জন বিএনপি-সংশ্লিষ্ট।

ছয় জেলার ডিলার তালিকা বিশ্লেষণে দেখা যায়, জেলাগুলোতে পদে থাকা একাধিক বিএনপি নেতা, তাদের স্ত্রী ও সন্তানরা সরাসরি ডিলারশিপ পেয়েছেন।

বরিশাল সদরে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওয়াসিম, চন্দ্রমোহনের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উজিরপুরের জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাভলুর চাপরাশি ডিলারশিপ পেয়েছেন।

বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি ইশতিয়াক আহমেদ মাসুদ ও নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল শিকদার, পিরোজপুর সদরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাওহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাওলাদার, বেতাগীর মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাঈম মাহমুদ মিরাজ এবং ভোলা জেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনুর ভাগিনা আ. হাই সার ডিলারশিপ পেয়েছেন।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর ডিলারশিপ পেয়েছেন। স্থানীয় বিএনপি নেতাদের স্ত্রী-সন্তানরাও পরিবেশক হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শাহাদাত হোসেন, গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বুলবুল সরদারের স্ত্রী নীনা বেগম, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের জামাতা নেয়ামুল ইসলাম, হিজলার ধূলখোলা এলাকার সাবেক বিএনপি নেতা হারুন বিশ্বাসের ছেলে রাকিব, পিরোজপুরের মঠবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মিলন হাওলাদারের স্ত্রী নাজমা বেগম, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সগির মীরের স্ত্রী হোসনেয়ারা বেগম। আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল ফকিরের জামাতা মো. জোবায়দুল ইসলামও পরিবেশক হয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনও রয়েছেন তালিকায়। পিরোজপুর সদরের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কামরুল ইসলামের স্ত্রী ফাতেমা খানম এবং আওয়ামী লীগ কর্মী আরাফাত হোসাইন ডিলারশিপ পেয়েছেন।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবলীগ কর্মী মো. তরিকুল ইসলাম, নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সোহেল লস্করের ভাই লস্কর মোসাদ্দেক ইমরান এবং আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া আমিনুল ইসলাম ডিলারশিপ পেয়েছেন।

বরগুনার আমতলীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মতিউর রহমান মুন্সির ছেলে সোহাগ মিয়া এবং বরগুনা জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান ডিলার হয়েছেন।

সারাদেশে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে সার বণ্টনের জন্য প্রায় চার হাজার ৫০০ ডিলার নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দলীয় বিবেচনায় সার ডিলার নিয়োগের ফলে কৃষকের কাছে সার পৌঁছানোর পুরো প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়তে পারে, যা শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।