এইমাত্র
ভোলা

মনপুরায় বৃষ্টিতে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর আমন ধান, ক্ষতির শঙ্কায় কৃষক

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক জমিতে বৃষ্টির পানি জমে ধানের শীষ ডুবে গেছে। কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকলে আমনের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। ফসল ঘরে তোলা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক আবদুল হাশিম বলেন, উপজেলার অধিকাংশ আমনখেতে পাকা ধান নুয়ে পড়েছে। বৃষ্টির পানি জমে থাকায় ধানের শীষ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত চার দিন ধরে মনপুরা উপকূলে রাতভর বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো বাতাস বইছে। উপজেলার পাঁচ ইউনিয়নের ১৫টি ব্লকে আবাদ করা আমন ধান এতে ক্ষতির মুখে পড়েছে।

উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মিরাজ ও রাসেলসহ স্থানীয় কৃষকেরা জানান, তাঁদের ৫৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। অসময়ের বৃষ্টিতে অধিকাংশ জমির পাকা ধান নুয়ে পড়েছে।

কৃষকেরা বলেন, এবার এমনিতেই ধানের বাজারদর কম। বৃষ্টির কারণে সময়মতো ধান কাটা ও শুকানো না গেলে ধানের রং লালচে হয়ে যাবে। এতে বাজারে ধানের দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জমিতে পড়ে থাকা খড় বৃষ্টিতে নষ্ট হলে সেটা বিক্রি করাও কঠিন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর মনপুরায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৬ হাজার ২৪৭ মেট্রিক টন।

সরেজমিনে হাজিরহাট, মনপুরা, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন আমনখেত ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির পাকা ধান নুয়ে পড়ে আছে। কোথাও কোথাও আধাপাকা ধান বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। প্রায় সব খেতেই বৃষ্টির পানি জমে আছে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন, সাইদুর, রাসেল ও আব্বাসসহ অনেকে বলেন, ধারদেনা করে তাঁরা আমন ধানের চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। হঠাৎ বৃষ্টিতে তাঁদের স্বপ্নের ফসল ক্ষতির মুখে পড়েছে। সময়মতো ধান কেটে ঘরে তোলা ও শুকানো নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।

মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, অসময়ের বৃষ্টিতে আমনখেতের ফসল নুয়ে পড়েছে। উপজেলার ১৫টি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হচ্ছে। মুঠোফোন ও অনলাইনের মাধ্যমেও কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খাইরুল ইসলাম মল্লিক বলেন, অসময়ের বৃষ্টিতে ধানগাছ নুয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতি হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি বিভাগের কর্মকর্তারা সচেতন রয়েছেন।