এইমাত্র
পিরোজপুর

শিকলবন্দি করে গ্রাম ঘোরানো বৃদ্ধকে ১০ হাজার টাকা দিল জেলা প্রশাসন

পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি-কলা ঝুলিয়ে রাস্তায় ঘোরানো হতদরিদ্র বৃদ্ধকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তাঁকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বৃদ্ধ রুহুল আমিন হাওলাদারের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. মজনু হোসেন রনি।

আজ রোববার সকালে প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বিএইচএস নিউজকে জানান, জেলা প্রশাসকের নির্দেশে রুহুল আমিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাঁর পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত, গত সোমবার (১৬ নভেম্বর) সকালে জিয়ানগর উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে কয়েক ছড়া সুপারি ও এক ফালি কলা চুরির অভিযোগ ওঠে। পরে স্থানীয় কয়েকজন তাঁকে আটক করে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি ও কলা ঝুলিয়ে জনসমক্ষে ঘোরান। এ সময় তাঁকে নির্যাতনও করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এরপর জেলা প্রশাসক ওই বৃদ্ধকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেন।