এইমাত্র
পিরোজপুর

পিরোজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্সের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

পিরোজপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-মিজান সাইফ স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, এসআরবি বরিশাল-৮ এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান, সিভিল সার্জন মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল ইসলাম এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে সমন্বয় থাকতে হবে। যেকোনো সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

নিরাপত্তা জোরদারে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রয়োজনীয় পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানোর নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।