এইমাত্র
ভোলা

ভোলায় জব্দ করা ২১৮ বস্তা সার সরকারি দামে পেলেন কৃষকেরা

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামে আজ রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে পাচারের সময় জব্দ করা ২১৮ বস্তা সার সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

জব্দ করা সারের মধ্যে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার রয়েছে। সরকারি মূল্য অনুযায়ী প্রতি বস্তা ডিএপি ১ হাজার টাকা এবং এমওপি ৯৫০ টাকা দরে বিক্রি করা হয়। কৃষকদের মধ্যে নির্ধারিত পরিমাণে এসব সার বিতরণ করা হয়েছে। এ সময় ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ নভেম্বর ভোলার ইলিশা এলাকায় নদীপথে সার পাচারের সন্দেহে স্থানীয় লোকজন ২৯০ বস্তা সার আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাশ। একই সঙ্গে স্থানীয় একটি গুদাম সিলগালা করা হয়। পরে তদন্তে একাংশ সারের বৈধ কাগজপত্র পাওয়া গেলেও বাকি ২১৮ বস্তা সারের মালিকানা ও বৈধতার প্রমাণ না মেলায় সেগুলো জব্দ রাখে প্রশাসন।

সার কিনতে আসা স্থানীয় কৃষকেরা বিএইচএস নিউজকে জানান, ডিলারদের সিন্ডিকেট ও বাজারে কৃত্রিম সংকটের কারণে অনেক সময় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে সার কিনতে হয়। এমনকি বাড়তি দাম দিয়েও প্রয়োজনের সময় সার পাওয়া যায় না। এতে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় তাঁদের। জব্দ করা সার সরকারি দামে কিনতে পেরে কিছুটা আর্থিক সাশ্রয় হয়েছে বলে জানান তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান বিএইচএস নিউজকে জানান, অবৈধভাবে পাচারের সময় জব্দ করা সার প্রকৃত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে। বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।