এইমাত্র
ভোলা

চরফ্যাশনে রসুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সালাউদ্দিন মিয়ার মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজ ভাড়া বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।

সালাউদ্দিন মিয়া চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হয়রত আলী হিরনের বড় ভাই। তিনি রসুলপুর ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আসন্ন নির্বাচনে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

আজ আছরের নামাজের পর চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ১০টায় মরহুমের নিজ এলাকা চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।