বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বরিশালে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। আজ রোববার রাতে এ লক্ষ্যে নগরীতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়।
নগরের টাউন হলের সামনে মশাল মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যত মিছিল হয়, তার অর্থদাতা ফরচুন মিজান। তিনি সৈনিক লীগের সভাপতি ছিলেন।
বক্তারা আরও বলেন, তিনি যাদের হাত ধরে বিসিবিতে এসেছেন, তাদেরও ছাড়া হবে না।
সমাবেশে ল’ কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব মো. জুয়েল, পলিটেকনিক কলেজ ছাত্রদল কর্মী মো. সাবাব ও হাতেম আলী কলেজ ছাত্রদল কর্মী সাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৫ নভেম্বর ছাত্রদল ফরচুন মিজানকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছিল।
