এইমাত্র
পিরোজপুর

পিরোজপুরে এমপিওভুক্ত দুই প্রতিষ্ঠানে একই শিক্ষক কর্মরত

পিরোজপুরের জিয়ানগরে একই সময়ে দুটি এমপিওভুক্ত মাদ্রাসায় চাকরি ও বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের মুখে অনিয়মের মাধ্যমে উত্তোলন করা ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা স্বীকার করেছেন ওই শিক্ষক।

অভিযুক্ত শিক্ষকের নাম সরোয়ার হোসাইন। তিনি জিয়ানগর এফ করিম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক। তাঁর ইনডেক্স নম্বর এম-০০০১৩০০। এর আগে ২০০৩ সালের ২৭ জানুয়ারি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে যোগ দেন তিনি। ওই প্রতিষ্ঠানে তাঁর ইনডেক্স নম্বর ২০০৭৭৬৬। ২০০৪ সালের ১ মে তিনি এমপিওভুক্ত হন।

প্রতিষ্ঠানটির নথি অনুযায়ী, ২০২০ সালের ৩১ মে সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইনের কাছে পদত্যাগপত্র জমা দেন সরোয়ার হোসাইন। একই দিন পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়। পরে ৭ জুন তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদারও সেটি গ্রহণ করেন।

অন্যদিকে, এফ করিম আলিম মাদ্রাসা ২০২০ সালের মে মাসে এমপিওভুক্ত হয়। ওই মাসের ১৭ তারিখে এমপিওভুক্তির পর এরিয়াসহ এককালীন ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা বেতন পান সরোয়ার হোসাইন। অর্থাৎ আগের প্রতিষ্ঠান থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই নতুন প্রতিষ্ঠানের এমপিও সুবিধায় বেতন উত্তোলন করেন তিনি।

অভিযোগের বিষয়ে সরোয়ার হোসাইন বিএইচএস নিউজকে বলেন, এফ করিম আলিম মাদ্রাসা এমপিওভুক্ত না থাকা অবস্থায় তিনি আবু হুরায়রাহ মাদ্রাসায় ক্লাস করাতেন। নতুন প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর আগের প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে সেখানে যোগ দেন। তবে একই সময়ে দুটি প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এফ করিম আলিম মাদ্রাসা থেকে উত্তোলন করা টাকা ফেরত দেবেন বলেও জানান তিনি।

এফ করিম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সরোয়ার হোসাইন তাঁদের প্রতিষ্ঠানে যোগ দেন। ওই বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর থেকে তিনি নিয়মিত ক্লাস করিয়েছেন। দুই প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি তারা সম্প্রতি জানতে পেরেছেন।

আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইন বলেন, ২০০৩ সালের ২৭ জানুয়ারি সরোয়ার হোসাইন তাঁদের প্রতিষ্ঠানে যোগ দেন। ২০২০ সালের ৩১ মে পদত্যাগপত্র জমা দেওয়া পর্যন্ত তিনি ওই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা গ্রহণ করেছেন। পরে তারা জানতে পারেন, অন্য একটি প্রতিষ্ঠানে তাঁর প্রভাষক পদে চাকরি হয়েছে।

পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযীযী বলেন, একই সময়ে দুটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।