এইমাত্র
বরিশাল সদর

বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের যাচাই-বাছাই সম্পন্ন

বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) বরিশাল জেলা পুলিশ লাইন্সে অক্টোবর-২০২৬ নিয়োগের অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়।

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রম পরিচালিত হয় নিয়োগ বোর্ডের সভাপতি ও বরিশাল জেলার পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে। এতে নারী ও পুরুষ প্রার্থীদের উচ্চতা, বুকের মাপ ও ওজন পরিমাপের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত ক্রমিক অনুসারে প্রার্থীদের যাচাই-বাছাই করা হয়। এ সময় পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়। চাকরি দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে বা দালালচক্রের মাধ্যমে প্রতারণার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

নিয়োগ কার্যক্রমের পরবর্তী ধাপে সোমবার (২৩ নভেম্বর) বরিশাল পুলিশ লাইন্সে যোগ্য প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা (ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট-পিইটি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং-জাম্প ও হাই-জাম্প — এই চারটি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা থেকে আগত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি দল, নিয়োগ বোর্ডের সদস্য, বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।