এইমাত্র
বরিশাল বিভাগ

বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে অধ্যক্ষের প্রেস ব্রিফিং

বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত নেতিবাচক ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানান।

প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের মুখ্য প্রশিক্ষক ও হোস্টেল সুপার কৃষিবিদ সনজীব মৃধা, ঊর্ধ্বতন প্রশিক্ষক কৃষিবিদ মার্জিন আরা মুক্তা, প্রশিক্ষক ও ছাত্রী হোস্টেল সুপার কৃষিবিদ শান্তা গোলদার, প্রশিক্ষক কৃষিবিদ শামিম হাসান, কৃষিবিদ আমিনুল হক, কৃষিবিদ ফারিহা তানজুম স্বর্ণা, উপ-সহকারী প্রশিক্ষক ফিরোজ শরীফ এবং হোস্টেল সহায়ক রুবেল মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র প্রতিনিধিসহ সকল পর্বের আবাসিক ছাত্র ও বর্ডারগণ উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার লিখিত বক্তব্যে বলেন, “সম্প্রতি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রহমতপুর, বরিশাল নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশিত হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি সকল বিষয়ে অবহিত আছি।”

প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রশিক্ষক মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “জনাব মোঃ নজরুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ অফিসার। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করে ও ভাবমূর্তি নষ্ট করে। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রতিষ্ঠানের কোনো কর্মচারী বা শিক্ষার্থী এমন নিন্দনীয় ও বিভ্রান্তিকর কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ আরও বলেন, “প্রত্যেক সংবাদকর্মীর জন্য আমার প্রতিষ্ঠানের দরজা সবসময় খোলা থাকবে। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমার সাথে আলোচনা করবেন। আমার পক্ষ থেকে বিধি মোতাবেক সকল ধরনের সহযোগিতা থাকবে।” ভবিষ্যতে বস্তুনিষ্ঠতা যাচাই না করে এমন মিথ্যা ও নেতিবাচক সংবাদ প্রকাশ না করার জন্য সকল গণমাধ্যম সম্পাদক ও সংবাদকর্মীদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে অধ্যক্ষ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে ছাত্রাবাসের ডাইনিং পরিদর্শন করেন। এ সময় তারা ডাইনিংয়ের সার্বিক পরিবেশ, রান্না ও খাবারের মান এবং হিসাবের স্বচ্ছতা সরেজমিনে যাচাই করেন। উপস্থিত সাংবাদিকরা মাত্র ৮৬ টাকা মিল চার্জে শিক্ষার্থীদের জন্য তিন বেলার মানসম্মত খাবার মেনুর প্রশংসা করেন।