এইমাত্র
বরিশাল সদর

বরিশালে নার্সিং শিক্ষার্থীকে মারধরের মামলায় গ্রেপ্তার ১, পরিচালকের শাস্তির দাবিতে স্মারকলিপি

বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে মারধর ও হত্যার হুমকির মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে ইকরামুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

মামলায় প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলামসহ ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

সোমবার দেওয়া স্মারকলিপিতে অন্তু বিশ্বাসের নিরাপত্তা নিশ্চিত, বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং নার্সিং ইনস্টিটিউটের অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ অভিযোগগুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে আন্দোলনকারীরা জানান।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে সিএন্ডবি রোডে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ক্যাম্পাসে একক অবস্থান কর্মসূচি পালন করতে গেলে অন্তু বিশ্বাসের ওপর হামলার অভিযোগ ওঠে। তাঁর অভিযোগ, কর্মসূচি চলাকালে এক ব্যক্তি মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে মারধর করেন। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচ বাবদ মোট ২৭ লাখ টাকা আদায় করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাঁদের জানানো হয়েছিল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে এই অর্থ প্রয়োজন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীরা জানতে পারেন, এ ধরনের প্রশিক্ষণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ গ্রহণ করে না।

অন্তু বিশ্বাসের অভিযোগ, অর্থ আদায়ের অনিয়মের প্রতিবাদে সক্রিয় থাকায় তাঁর সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরোধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় গত ২ নভেম্বর তাঁর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ নভেম্বর বহিষ্কারের চিঠি পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ৯ নভেম্বর থেকে তাঁর সহপাঠীরা ক্লাস ও পরীক্ষা বর্জন, বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন। ১৪ নভেম্বর সংবাদ সম্মেলনে অন্তু বিশ্বাস প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তোলেন।

এদিকে গত ১৭ মে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ তদন্তের নির্দেশ দেন। পরে পুলিশের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করেন। মামলায় প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম এবং প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে ২০ নভেম্বর অন্তু বিশ্বাসকে বাসা থেকে পুলিশ নিয়ে যাওয়ার পর কয়েক ঘণ্টা তাঁর খোঁজ না পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার সামনে বিক্ষোভ করেন সহপাঠী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁকে থানায় ফিরিয়ে আনা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে ডেকে নেওয়া হয়েছিল।

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেছেন, নার্সিং আইন লঙ্ঘন করে দুটি প্রতিষ্ঠানের নামে মোট চারটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন জহিরুল ইসলাম। এ বিষয়ে রোববার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের রেজিস্ট্রারকে অবহিত করেছেন ছাত্রসংগঠনগুলোর নেতারা।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জহিরুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।