এইমাত্র
পিরোজপুর

জিয়ানগরে অটোরিকশার চাপায় ১১ বছরের শিশু আবিরের মৃত্যু, আহত ৩

পিরোজপুরের জিয়ানগরে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আবির (১১) নামে এক শিশু। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের বালিপাড়া-জিয়ানগর সড়কের গোডাউন এলাকায় মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

নিহত আবির ইন্দুরকানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে তার নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিল সে। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল আবির। খেলার একপর্যায়ে হঠাৎ দৌড়ে বাড়ির সামনের সড়কে চলে যায় সে। এ সময় বালিপাড়া থেকে জিয়ানগরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। শিশুটি সড়কে উঠে পড়ায় চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি। একপর্যায়ে অটোরিকশাটি আবিরকে চাপা দেয়।

দুর্ঘটনার পর অটোরিকশাটি সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রী ও চালক আহত হন। গুরুতর আহত আবিরকে প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন মরিয়ম (৩), নহা (১১) এবং অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)। তাঁদের মধ্যে মরিয়ম ও নহা অটোরিকশার যাত্রী ছিলেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বিএইচএস নিউজকে জানান, দুর্ঘটনার পর অটোরিকশাচালক মামুন শেখকে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।