এইমাত্র
ভোলা

বোরহানউদ্দিন পৌরসভার সামনে চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ৩ মুখোশধারী

ভোলার বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে গভীর রাতে চকলেট বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিস্ফোরণের সময় মুখোশ পরা তিন ব্যক্তির চলাচল ধরা পড়েছে। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুখ ঢাকা থাকায় ফুটেজ দেখে তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা বিএইচএস নিউজকে জানান, বিস্ফোরণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তারা আশা করছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বিএইচএস নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকার পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ অভিযোগের স্বপক্ষে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি এবং পুলিশও কোনো রাজনৈতিক গোষ্ঠীর সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি।

এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।