ঝালকাঠির নলছিটি উপজেলায় ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প এখন চরম সংকটের মুখে পড়েছে। উপজেলার গোপালপুর, কামদেবপুর ও আশপাশের এলাকার শতাধিক পরিবার বংশপরম্পরায় এ পেশার সঙ্গে যুক্ত থাকলেও দিন দিন পাটির চাহিদা কমে যাওয়া এবং ন্যায্যমূল্য না পাওয়ায় টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে কারিগরদের।
কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি শীতলপাটি বুনতে দীর্ঘ ১০ থেকে ১৫ দিন নিরবচ্ছিন্ন পরিশ্রম করতে হয়। কিন্তু কাঁচামালের দাম ও শ্রমের তুলনায় বাজারে পাটির দাম খুবই কম। ফলে উৎপাদন খরচ উঠিয়ে আনা বা সংসারের ব্যয় নির্বাহ করা তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক পরিবার ইতোমধ্যে ঋণ ও কিস্তির চাপে পড়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।
বাজারে কম দাম পাওয়া প্রসঙ্গে স্থানীয় কারিগররা জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও চাহিদা কমে যাওয়ায় তাঁদের পরিশ্রমের যথাযথ মূল্য মিলছে না। এ অবস্থায় সরকারি উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি চালু, সহজ শর্তে ঋণ সুবিধা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি সরকারি সহায়তা ও অনুদান বণ্টনে স্বচ্ছতা রেখে প্রকৃত কারিগরদের অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানিয়েছেন স্থানীয়রা।
ঐতিহ্যবাহী এ শিল্প টিকিয়ে রাখার বিষয়ে ৫ নম্বর সুবিদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম দোলন বলেন, “ঐতিহ্যবাহী এই শীতলপাটি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহযোগিতা বাড়াতে হবে এবং প্রকৃত কারিগরদের হাতে যেন সহায়তা পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।”
এদিকে শীতলপাটি শিল্প যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বাবুল দত্ত জানান, এখন পর্যন্ত এ খাতের কারিগররা কোনো সরকারি সুযোগ-সুবিধা পাননি। তবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে কোনো অনুদান পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, সময়োপযোগী পৃষ্ঠপোষকতা, কারিগরি প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং বাজারজাতকরণে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হলে নলছিটির ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে।
