এইমাত্র
পিরোজপুর

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের সঙ্গে মালবাহী ট্রলির সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউখালীর বেকুটিয়া গ্রামের শান্ত রায়, সয়না-রঘুনাথপুর গ্রামের সুনান মাঝী এবং কেউন্দিয়া গ্রামের সাজিদ। আহতরা হলেন কাউখালীর পাঙ্গাশিয়া গ্রামের মাহফুজুর রহমান এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার জয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে সেগুলোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শান্ত রায় মারা যান। পরে রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ ও সুনান মাঝীরও মৃত্যু হয়। আহত মাহফুজুর রহমান ও জয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।