এইমাত্র
গৌরনদী

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন শিক্ষিকা মন্দিরা, দিল্লিতে অস্ত্রোপচার শুরু

বরিশালের গৌরনদীর শিক্ষিকা মন্দিরা রানী পাল কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালকে নিজের একটি কিডনি দিচ্ছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়েছে।

মন্দিরা রানী পাল গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্বামী সুদাম পাল একই উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা দম্পতি। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হন। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনিদাতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দানের সাহসী সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল।

আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে হাসপাতালটিতে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। ভারতে অবস্থানরত মন্দিরা রানীর ভাই সবুজ কুমার পাল বিএইচএস নিউজকে এ তথ্য জানান।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গৌরনদীজুড়ে ব্যাপক প্রশংসা পান মন্দিরা রানী পাল। শিক্ষক দম্পতির এমন ভালোবাসা ও আত্মত্যাগকে অনেকেই ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।