এইমাত্র
পিরোজপুর

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

লাখো ভক্ত ও পুণ্যার্থীর সমাগমের মধ্য দিয়ে বুধবার (২৫ নভেম্বর) পিরোজপুরের কাউখালীতে শুরু হয়েছে শ্রীগুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব ও মিলন মেলা।

আশ্রম অঙ্গনে সঙ্ঘ পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ।

বুধবার সকাল ১১টায় ১২৮টি শাখা সঙ্ঘের হাজার হাজার ভক্তের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে আয়োজিত এই উৎসব আগামী রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত চলবে। পাঁচ দিনের এ আয়োজন ঘিরে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী রাস মেলা।

উৎসব উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে উৎসবের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, এই উৎসবে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে। জাতি-ধর্মের ভেতরে কোনো বিভক্তি নেই, সবাই বাংলাদেশি।

আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল বিএইচএস নিউজকে জানান, পাঁচ দিনের এই উৎসবে বিভিন্ন রাজনৈতিক দল ও সঙ্ঘের ভক্তদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করে থাকেন। উৎসব চলাকালে পাঁচ দিনই তিন বেলা আগত লক্ষাধিক মানুষের জন্য প্রসাদ ও খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে আশ্রম কর্তৃপক্ষ।

উৎসবের আইনশৃঙ্খলা কমিটির প্রধান আহ্বায়ক ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বিএইচএস নিউজকে জানান, প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনায় আবির্ভাব উৎসবকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, পুরো উৎসব এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বসানো হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।