পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি গোপাল হালদারের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তাঁর বাম পা ভেঙে গেছে। তিনি পটুয়াখালী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে চৌরাস্তায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন গোপাল হালদার। এ সময় জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের নেতৃত্বে প্রায় ১৮ থেকে ২০ জন এসে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর বাম পা ভেঙে যায়। স্থানীয় লোকজন তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা আবারও তাঁর ওপর হামলা চালায়।
সাংবাদিক গোপাল হালদার বিএইচএস নিউজকে বলেন, “চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের নেতৃত্বে কয়েকজন এসে আমার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। সংবাদ প্রকাশের জেরে এই হামলা হয়েছে।”
এ ঘটনায় মিরাজ ইমতিয়াজ, রুশদা, সাকের, কামরুল, আরাফাত ও মারুফসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। গোপাল হালদারের ভাই সুমন হালদার বিএইচএস নিউজকে জানান, হামলার একটি ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিএইচএস নিউজকে জানান, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
এ বিষয়ে মিরাজ ইমতিয়াজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। খুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটালে ‘জুলাই শহীদ ও আহতদের তালিকায় ভূয়া নাম’ শিরোনামে গোপাল হালদারের একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে দেখানো হয়, পটুয়াখালী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ ২০২৪-এর জুলাই আন্দোলনে আহত না হয়েও ভূয়া সনদ দেখিয়ে সরকারি গেজেটে জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। এরপর থেকেই তাঁর ওপর মিরাজ ইমতিয়াজ ও সংগঠনটির সদস্যদের ক্ষোভ ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাঁর ওপর হামলা করা হয়।
