সড়কজুড়ে কাদা, কোথাও হাঁটুপানি, আবার কোথাও ভাঙাচোরা রাস্তা। বৃষ্টিতে চলাচল হয়ে পড়ে দুর্বিষহ। এর সঙ্গে রয়েছে সুপেয় পানির সংকট। এমন চিত্র বরিশাল মহানগরীর বর্ধিত এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর জাগুয়া ও টিয়াখালীতে।
২০০২ সালে বরিশাল পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয়। ৫৮ বর্গকিলোমিটার আয়তনের ৩০টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বর্ধিত এলাকার আয়তন প্রায় ৩৩ বর্গকিলোমিটার। প্রায় দুই যুগে নগরের পরিধি ও জনসংখ্যা বেড়েছে, গড়ে উঠেছে নতুন আবাসিক এলাকা ও বহুতল ভবন। তবে নগর সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক সেবার পরিধি বাড়েনি বলে অভিযোগ স্থানীয়দের।
নগরের মূল অংশে প্রশস্ত পিচঢালা সড়ক, নিয়মিত সংস্কার ও উন্নয়নকাজ দেখা গেলেও বর্ধিত এলাকার অনেক সড়কে তার প্রতিফলন নেই। একই মহানগরীর বাসিন্দা হয়েও নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই ব্যবধান নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের। তাদের অভিযোগ, নগর সম্প্রসারণের পর নিয়মিত কর ও বিভিন্ন ফি পরিশোধ করলেও সড়ক, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রত্যাশিত সেবা মিলছে না।
বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান বিএইচএস নিউজকে বলেন, নগরের সব এলাকার বাসিন্দারই সমান নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ার পর এসব এলাকার মানুষ নিয়মিত কর ও বিভিন্ন ফি পরিশোধ করছেন, কিন্তু সে অনুযায়ী সেবা পাচ্ছেন না। বিশেষ করে সড়ক, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় বৈষম্য দূর করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
স্থপতি ও বরিশাল সিটি করপোরেশনের সংশ্লিষ্ট স্থাপত্য বিভাগের সঙ্গে যুক্ত আহমেদ নূরুল হাসান সাক্ষর বলেন, একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত নগর পরিকল্পনা। বিদ্যমান অবকাঠামোর সক্ষমতা বিবেচনা না করে নতুন ভবন ও আবাসিক এলাকা গড়ে উঠলে নগর ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয় বলে তিনি জানান।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, নগরের বর্ধিত এলাকার সমস্যা সমাধান ও নাগরিক সেবা সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সড়ক, ড্রেনেজ ও পানি সরবরাহসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পরিকল্পনা ও সমন্বয় জরুরি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে নগরীর পরিকল্পিত সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রমে নতুন করে আশার কথা শোনাচ্ছে বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ। চলতি নভেম্বরে সরকার প্রথমবারের মতো এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সংস্থাটিতে। দায়িত্ব নেওয়ার পর নতুন চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বর্ধিত এলাকার বাসিন্দাদের প্রত্যাশা, নগরের মূল অংশের মতো তারাও সমান নাগরিক সুবিধা পাবেন—চলাচলের উপযোগী সড়ক, নিরাপদ পানি, কার্যকর ড্রেনেজ ও জলাবদ্ধতামুক্ত পরিবেশ।
