বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে বসতবাড়ির সামনের জমির প্রায় ১৫টি ছোট-বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। প্রতিকার চেয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ৮০ বছরের বৃদ্ধ আব্দুল মান্নান হাজরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় পুইয়াউটা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান হাজরার সঙ্গে একই এলাকার সিরাজুল ইসলাম বেপারীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়ির সামনের ভোগদখলীয় জমির গাছপালা কেটে ফেলার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হুমকির পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আব্দুল মান্নান হাজরা ঘটনাস্থলে গিয়ে তাঁর জমির প্রায় ১৫টি ছোট-বড় গাছ কাটা অবস্থায় দেখতে পান। এতে তাঁর ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
অভিযোগে মো. সিরাজুল ইসলাম বেপারী (৫০), মো. আশরাফ বেপারী (৪৫) ও এহছাক বেপারী (৫০)-এর নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, গাছপালা কেটে নেওয়া ও ক্ষতিসাধনের অভিযোগ তোলা হয়েছে। ভুক্তভোগী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত সিরাজুল ইসলাম বেপারী গণমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিএইচএস নিউজকে জানান, পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় পুইয়াউটা গ্রামে গাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
