এইমাত্র
বরিশাল সদর

বরিশালে লিঙ্গ বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার মোকাবিলা করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কনফারেন্স কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সভায় তরুণ ও তরুণীদের জীবনে স্টেরিওটাইপের প্রভাব, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। নারী ও তরুণদের জীবনকে প্রভাবিত করে এমন নেতিবাচক সামাজিক ধারণা ও বৈষম্যমূলক মানসিকতা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘সমতায় তারুণ্য’ (Youth for Equality) প্রকল্প। জাগো ফাউন্ডেশনে ট্রাষ্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক প্রিন্স বাহউদ্দীন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশালের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোশাররফ হোসাইন ও ডেন্টাল সার্জন ডা. ইজাজুল কবির রিদয়। আয়োজনে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী উদ্যোক্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে দলগত কাজ, উন্মুক্ত আলোচনা ও পোস্টার উপস্থাপনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হয়। এ বিষয়ে লাভ ফর ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহমুদ (পারভেজ) বিএইচএস নিউজকে বলেন, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে তরুণরা এগিয়ে আসলে বৈষম্য দূরীকরণ ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে থাকবে না কোনো লিঙ্গ পরিচয়, হবে যোগ্যতা ও সক্ষমতার পরিচয়।