বরিশাল মহানগরীতে লাইসেন্স ছাড়াই বছরের পর বছর ধরে কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ চলছে। নিয়মনীতি না মেনে অপরিচ্ছন্ন পরিবেশে এসব প্রতিষ্ঠানে নিম্নমানের খাবার বিক্রি হচ্ছে। এতে নগরীর প্রায় ৬ লাখ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, মহানগরীতে হোটেল-রেস্তোরাঁ চালাতে ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স বাধ্যতামূলক। তবে পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, মাত্র ১২টি রেস্তোরাঁর লাইসেন্স রয়েছে। বাকি কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ চলছে লাইসেন্স ছাড়াই।
হোটেল-রেস্তোরাঁ চালু করতে ট্রেড লাইসেন্সের পাশাপাশি স্যানিটারি লাইসেন্স, ফায়ার সেফটি অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লাইসেন্স ও ভ্যাট নিবন্ধনসহ একাধিক দপ্তরের অনুমোদন দরকার হয়। কিন্তু বরিশালের ব্যবসায়ীরা তা মানছেন না বলে অভিযোগ রয়েছে।
নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা পিন্টু পাল বিএইচএস নিউজকে বলেন, বেশির ভাগ হোটেল-রেস্তোরাঁয় খাবারের দামের তালিকা নেই। অপরিচ্ছন্ন পরিবেশে যেমন খুশি তেমন দামে খাবার বিক্রি হচ্ছে। মাঝেমধ্যে হোটেলের পচাবাসি খাবার খেয়ে কাউকে কাউকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আবাসিক ভবনেও একাধিক রেস্তোরাঁ গড়ে উঠেছে। এসব রেস্তোরাঁর কারণে বহু ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে।
পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুদ্দিন আহমেদ বিএইচএস নিউজকে জানান, মহানগরী এলাকায় হোটেল-রেস্তোরাঁর জন্য ১২টি লাইসেন্স দেওয়া হয়েছে। এর বাইরে সবগুলোই অবৈধভাবে চলছে। তিনি আরও বলেন, এসব রেস্তোরাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালালে ধীরে ধীরে অবৈধ রেস্তোরাঁ কমবে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস বিএইচএস নিউজকে বলেন, হোটেল-রেস্তোরাঁয় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। যেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানেই জরিমানাসহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি কর্মকর্তা রাসেল সিকদার বিএইচএস নিউজকে জানান, যেসব হোটেল-রেস্তোরাঁ অপরিচ্ছন্ন পরিবেশে পরিচালনা করা হচ্ছে, সেগুলোকে জরিমানা করা হচ্ছে।
নগরবাসীর দাবি, দ্রুত কঠোর অভিযানের মাধ্যমে অবৈধ হোটেল-রেস্তোরাঁ বন্ধ করার পাশাপাশি মানসম্মত খাবার নিশ্চিত করা হোক।
