আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাবুগঞ্জ কলেজ গেট থেকে শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টিল ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল শিকদার, মোস্তাফিজুর রহমান ফারুক, আলমগীর হোসেন স্বপন, হুমায়ুন কবির এবং জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সচেষ্ট রয়েছে। বাবুগঞ্জে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
