বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮) নামে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবু মিয়া বরিশাল কোতোয়ালি থানার গিলাতলী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আবুল কাশেম মিয়া এবং মায়ের নাম মৃত রওশনারা বেগম।
সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে তার দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় আসামিরা।
পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জের মাধ্যমে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে লাচ্ছি পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুদের মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর দায়ের করা এ মামলায় দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বাবু মিয়া ওরফে লাল বাবুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
