ভোলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুসহ চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে আমরণ অনশন প্রত্যাহার করেছেন আন্দোলনরত যুবকেরা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে তারা অনশন ভাঙেন। এর আগে টানা ২৮ দিনের আন্দোলনের পর গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হাসপাতালের নতুন বহুতল ভবনের প্রধান ফটকে আমরণ অনশনে বসেন তারা। অনশনের দ্বিতীয় দিনে দুজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন।
বুধবার সন্ধ্যায় ভোলার স্থানীয় সরকারের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও পৌরসভার প্রশাসক মো. বেলাল হোসেন, সিভিল সার্জন মু. মনিরুল ইসলাম এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান অনশনস্থলে যান। পরে তারা অনশনকারীদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। সেখানে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন যুবকেরা। দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অনশন প্রত্যাহার করেন। পরে জেলা প্রশাসক তাদের জুস পান করিয়ে অনশন ভাঙান।
নয়ন খান বলেন, ‘আমাদের চার দফা দাবির বিষয়ে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। তাই বুধবার সন্ধ্যা ৬টার দিকে আমরা অনশন ভেঙেছি।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান জানান, জেলা হাসপাতালগুলোতে আইসিইউ ও সিসিইউ চালুর জন্য সরকার প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকল্প তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা রয়েছে। এ বিষয়ে বুধবার বরিশালে একটি কর্মশালাও হয়েছে।
নয়ন খানের বাবা গত ২৬ অক্টোবর অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় তাকে বাঁচানো যায়নি বলে মনে করেন নয়ন। এরপর ২৮ অক্টোবর থেকে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। করোনা মহামারির সময় ২০২১ সালের ২৯ জুলাই সিএমএসডি থেকে হাসপাতালের জন্য ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটরসহ যন্ত্রপাতি সরবরাহ করা হলেও চিকিৎসক ও জনবলের অভাবে ইউনিটটি এখনো চালু হয়নি।
তাদের চার দফা দাবি হলো—হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু, চিকিৎসকসংকট নিরসন করে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নার্সসংকট দূর করা এবং গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত প্রসূতিসেবা নিশ্চিত করা।
