এইমাত্র
বরিশাল সদর

মডেল স্কুলে ফিরছে তৃতীয় শ্রেণির ভর্তি, মাউশির নির্দেশ

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পুনরায় চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জারি করা অধিদপ্তরের এক চিঠিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে ভর্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ শ্রেণির পরিবর্তে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয়। তবে ২০২৫ সালের শেষ দিকে তৃতীয় শ্রেণিতে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। অভিভাবকদের অভিযোগ, সরকারের কোনো সুস্পষ্ট লিখিত আদেশ ছাড়াই তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে ভর্তি স্থগিত করেন।

এরপর অভিভাবকরা দাবি আদায়ে দৌড়ঝাঁপ শুরু করেন। গত ৩ নভেম্বর তাঁদের একটি অংশ বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ভর্তি চালুর দাবির পাশাপাশি শিক্ষা কার্যক্রম বন্ধের প্রশাসনিক ও আইনগত ভিত্তি অনুসন্ধান এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

মাউশির ২৬ নভেম্বর তারিখের স্মারক নং-৩৭.০২.০০০০.১০৬.৯৯.০০৩.২৪.২১১৪-এ বলা হয়েছে, তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর বিষয়ে গঠিত কমিটির সুপারিশসহ প্রতিবেদন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ২৪ নভেম্বর অধিদপ্তরে দাখিল করেন। চিঠিতে শিক্ষার্থীদের দাবি, জনপ্রতিনিধিদের মতামত এবং অভিভাবকদের চাহিদার প্রতি সম্মান জানিয়ে পূর্বের ন্যায় প্রাথমিক শাখা (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) চালুর বিষয়ে কমিটির সুপারিশের আলোকে তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে অভিভাবকেরা উল্লেখ করেন, গত বছর প্রতিষ্ঠান থেকে ৪৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ২৭ জন বৃত্তি পেয়েছে। এমন ফলাফলের পরও প্রাথমিক শাখার ভর্তি বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। নির্দেশনা পাওয়ার পর অভিভাবকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।