এইমাত্র
বরিশাল সদর

শেবাচিমের ডেঙ্গু কর্নারে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ডেন্টাল ইউনিট সংলগ্ন প্রস্তাবিত ডেঙ্গু কর্নারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাসপাতালের কর্মী, রোগী ও স্বজনদের চেষ্টায় আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ডেঙ্গু কর্নার ওয়ার্ডের মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে রোগী ও তাদের স্বজনরা অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে জ্বালানো মশার কয়েল থেকে ম্যাট্রেসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য, রোগী ও স্বজনরা অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি ব্যবহার করে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। পরে ধোঁয়া বের করার জন্য কক্ষের জানালাগুলো খুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বিএইচএস নিউজকে জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিস আসার আগেই হাসপাতালের কর্মী ও উপস্থিত সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।