বরগুনা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি তার নির্বাচনি জনসভার মোনাজাতে জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহ তারা বলে রোজা আর পূজা এক, আল্লাহ তুমি তাদের হেদায়াত নসিব কর। আল্লাহর সঙ্গে শিরক করে তারা বেহেশত দিতে পারে, আল্লাহ তুমি তাদের হেদায়াত কর। তাদেরকে তুমি দিনের পথে নিয়ে আসো, তারা যাতে এ কাজ না করে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া নামক এলাকার এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় মোনাজাতে এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম মণি বলেন, আল্লাহ তারা বলে, শরীয়াহ আইন চালু করবেন না। যদি তারা শরীয়াহ আইন চালুই না করে করে তাহলে কি জন্য এই প্রসঙ্গ নিয়ে নেমেছে। আল্লাহ তুমি দেখো এবং তাদেরকে হেদায়াত নসিব কর। আল্লাহর দায়িত্ব কি কাউকে দিয়েছে? তার জন্য বলি, সেই দায়িত্ব যদি কেউ নেয়, তাহলে আমরা কি তাদের সঙ্গে সঙ্গে থাকতে পারি? আল্লাহ তুমি তাদের হেদায়াত দান কর, আমিন।
মোনাজাতে তিনি আরও বলেন, আল্লাহ তুমি তো দেখেছো তারা অনেক কথা বলে। নানান কথা বলে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা তো তোমার হাতে। আল্লাহ সব ক্ষমতা এবং শক্তির উৎস তুমি নিজে, আমরা বিশ্বাস করি। তাদেরকে হেদায়াত দান করে সবাইকে ধানের শীষের পক্ষে নিয়ে আসো। দাঁড়িপাল্লার দিকে দু-একজন লোক যারা গেছে তাদের তুমি বোঝার তাওফিক দেও আল্লাহ।



