বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আর নেই। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন গোলাম সরোয়ার হিরু। তিনি বরগুনার রাজনীতিতে এক সুপরিচিত ও প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।
এর আগে তিনি কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদ সদস্য থাকাকালে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
তার রাজনৈতিক জীবন ছিল বহুমাত্রিক। ইসলামী ঐক্যজোটের মাধ্যমে সংসদে প্রবেশ করলেও পরবর্তী সময়ে বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত হন। দল পরিবর্তনের কারণে তিনি একাধিকবার রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।
২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় তিনি আবারও আলোচনায় উঠে আসেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।