শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
No menu items!
spot_img

পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফল পৌর শহরের আলগী খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের বাংলাবাজার জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। এ ছাড়া তাঁর সঙ্গে ইটভর্তি একটি বস্তাও বাঁধা অবস্থায় পাওয়া গেছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। তাঁর পরনে ছিল লুঙ্গি ও খয়েরি রঙের স্যান্ডো গেঞ্জি।

স্থানীয়রা জানান, মরদেহটি পচতে শুরু করায় খালের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বিষয়টি তাঁদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, ওই যুবককে হত্যার পর তাঁর হাত বেঁধে ইটভর্তি বস্তার সাহায্যে পানিতে ডুবিয়ে রাখার চেষ্টা করা হয়ে থাকতে পারে। জোয়ার-ভাটার স্রোতে ভেসে মরদেহটি আলগী খালে এসে পৌঁছেছে বলেও ধারণা তাঁদের। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular