ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলামকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে।
তিনি সাবেক পৌর মেয়র জাকির হোসেন তালুকদারের ছেলে। এ ঘটনায় ওসির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
ভাইরাল হওয়া ওই অডিওতে শোনা যায়, নবী নেওয়াজ আকাশ ওসিকে উদ্দেশ করে বলছেন, ‘আপনি দৌলতখানে এমন করছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসব। আপনি দৌলতখানে অতিথি। আমাদের দৌলতখানে থাকতে দেন।’
এ সময় অপর প্রান্ত থেকে ওসি মো. ফকরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘কে কে নির্দেশ দিয়েছে, আপনি খোঁজ নেন। আপনার সঙ্গে পরে কথা বলব।’
অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম এনপিবি নিউজকে জানান, হঠাৎ করেই তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।



