বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ লিটার চোলাই মদসহ মো. সাগর তালুকদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় আবু তালেব ফকিরের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল ESHA TRAVELS নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের একটি আসনের ওপর থেকে ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মদ বহনের অভিযোগে সাগর তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর তালুকদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের কালাম তালুকদারের ছেলে।
এ ঘটনায় বুধবার (১২ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।