ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের আওরাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। নিহত স্বরজিৎ ডাকুয়া কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া এলাকার মৃত উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় সাতনী বাজার থেকে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিলেন কৃষক স্বরজিৎ ডাকুয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে সড়ক দুর্ঘটনায় কৃষক স্বরজিৎ ডাকুয়ার মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।