মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
পিরোজপুর

মঠবাড়িয়ার ২০ শয্যার হাসপাতালে ৬ বছরেও নিয়োগ হয়নি জনবল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার হাসপাতালটি উদ্বোধনের পাঁচ বছর পরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। নামে ২০ শয্যার হাসপাতাল হলেও সেখানে একটি শয্যাও নেই। চিকিৎসক, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালটি এখন প্রায় অচল অবস্থায় পড়ে আছে।

 

২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী হাসপাতালটির উদ্বোধন করেন। এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও সেখানে চিকিৎসাসেবা চালু হয়নি। চিকিৎসক না থাকায় অধিকাংশ সময় হাসপাতাল বন্ধই থাকে। ফলে অসুস্থ রোগীদের বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বরিশাল সদরের হাসপাতালে যেতে হয়।

 

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুটি স্টাফ কোয়ার্টারসহ হাসপাতালের মূল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। হাসপাতালের জন্য চারজন জুনিয়র কনসালটেন্ট, একজন আবাসিক মেডিকেল অফিসার, একজন অ্যাসিস্ট্যান্ট সার্জন, ছয়জন সিনিয়র স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, একজন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং একজন অফিস সহায়কের পদ অনুমোদিত রয়েছে। কিন্তু অধিকাংশ পদই দীর্ঘদিন ধরে শূন্য।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটক খোলা থাকলেও দোতলা ভবনের কোথাও রোগীর উপস্থিতি নেই। অধিকাংশ কক্ষ ফাঁকা পড়ে আছে, ধুলাবালিতে ঢেকে গেছে। এক্স-রে, ইসিজিসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের কোনো ব্যবহার বা অস্তিত্ব চোখে পড়েনি। একটি কক্ষে একজন নার্স সীমিত পরিসরে কয়েকজনকে বিনামূল্যে ওষুধ দিচ্ছিলেন। হাসপাতাল চত্বরে গবাদিপশু চরছে, সিঁড়িতে পড়ে আছে ছাগলের মলমূত্র।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল সরোয়ার বিএইচএস নিউজকে জানান, হাসপাতালটির এখনো প্রশাসনিক কোড ও অর্থনৈতিক কোড দেওয়া হয়নি। কোড পেলে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটি চালু করা হবে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও একজন সিনিয়র স্টাফ নার্স কিছু ওষুধ দিয়ে প্রাথমিক চিকিৎসা চালাচ্ছেন। সরঞ্জাম চুরি রোধে একজন নার্স হাসপাতালে রাত্রিযাপন করেন বলে জানান তিনি।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি দ্রুত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে পূর্ণাঙ্গভাবে চালু করা হোক। অন্যথায় সরকারি অর্থে নির্মিত এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি অব্যবহারে আরও নষ্ট হয়ে যাবে এবং এলাকার হাজারো মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিতই থেকে যাবেন।