ভোলার তজুমদ্দিনের কৃষক আনসারুল হকের সংসারের হিসাব বদলে দিয়েছে একটি বায়োগ্যাস প্ল্যান্ট। একসময় রান্নার জ্বালানি ও জমির সারের পেছনে প্রতি মাসে কয়েক হাজার টাকা খরচ করতে হতো তাঁকে। এখন নিজের খামারের গরুর গোবর থেকেই তৈরি হচ্ছে রান্নার গ্যাস, আর প্ল্যান্টের বর্জ্য জমিতে ব্যবহার করছেন জৈব সার হিসেবে।
তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্লা গ্রামের কৃষক আনসারুল হক সাতটি গরু নিয়ে গড়ে তুলেছেন খামার। সেই খামারের গোবর কাজে লাগাতেই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন তিনি। এতে সংসারের জ্বালানি খরচ কমার পাশাপাশি কৃষিকাজেও সাশ্রয় হচ্ছে। তাঁর এই উদ্যোগ দেখতে আসছেন আশপাশের কৃষকরা, অনেকেই আগ্রহী হচ্ছেন একই পদ্ধতিতে প্ল্যান্ট স্থাপনে।
সরেজমিনে দেখা যায়, বসতঘরের পাশেই আনসারুল হকের গরুর খামার। সেখানে রয়েছে সাতটি দেশি গরু। খামারের পাশেই স্থাপন করা হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট। প্ল্যান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছেছে বাড়ির রান্নাঘরে। আর প্ল্যান্ট থেকে বের হওয়া গোবরের উচ্ছিষ্ট ড্রেনের মাধ্যমে চলে যাচ্ছে আবাদি জমিতে, যেখানে তা জৈব সার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আনসারুল হক প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে খামার পরিষ্কার করে গোবর সংগ্রহ করেন এবং প্ল্যান্টে দেন। খামারের কাজে মাঝেমধ্যে সহযোগিতা করেন স্ত্রী ফেরদৌস বেগমও।
আনসারুল হক বিএইচএস নিউজকে জানান, দীর্ঘদিন ধরে গরু পালন ও ফসল চাষ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিদিন গরুর দুধ বিক্রি করেন। কোরবানির ঈদে গরু বিক্রির পাশাপাশি সারা বছর ধান ও বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। আগে প্রতিদিন খামারের গোবর পরিষ্কার করে ফেলে দিতেন। গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করা যায়, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না।
তিনি বলেন, সংসারের রান্নার জন্য গ্যাসের সিলিন্ডার ও মাটির চুলার জন্য লাকড়ি কিনতে প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা খরচ হতো। অন্যদিকে জমিতে ভালো ফলনের আশায় কিনতে হতো রাসায়নিক সার। এত খরচ করেও প্রত্যাশিত ফলন পেতেন না। এতে উৎপাদন খরচ বেড়ে যেত।
রান্নার জ্বালানি ও কৃষি উৎপাদনের খরচ কমানোর চিন্তা থেকেই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেন আনসারুল। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে গোবর দিয়ে বায়োগ্যাস ও জৈব সার তৈরির বিষয়ে জানতে পারেন। পরে তাঁর পরামর্শে যোগাযোগ করেন যুব উন্নয়ন অধিদপ্তরে। সেখানে চলতি বছরের শুরুর দিকে সাত দিনের প্রশিক্ষণ নেন তিনি। প্রশিক্ষণে গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন এবং প্ল্যান্টের উচ্ছিষ্ট দিয়ে জৈব সার তৈরির পদ্ধতি শেখানো হয়।
প্রশিক্ষণ শেষে ঋণ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি বাড়ির আঙিনায় প্ল্যান্টটি স্থাপন করেন আনসারুল। এরপর থেকেই গরুর গোবর কাজে লাগিয়ে উৎপাদন করছেন রান্নার গ্যাস ও জৈব সার।
আনসারুল হক বিএইচএস নিউজকে বলেন, এখন রান্নার জন্য আর গ্যাসের সিলিন্ডার বা লাকড়ি কিনতে হয় না। এতে প্রতি মাসে অন্তত ২ থেকে ৩ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। প্ল্যান্টের উচ্ছিষ্ট জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করায় রাসায়নিক সার কেনার খরচও কমেছে। সব মিলিয়ে কৃষি উৎপাদনের ব্যয় কমেছে। নিজের এই উদ্যোগে সন্তুষ্ট তিনি।
আনসারুলের স্ত্রী ফেরদৌস বেগম বিএইচএস নিউজকে বলেন, আগে মাটির চুলার ধোঁয়ায় চোখ জ্বলত, কাশি হতো। দুই হাজার টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার কেনাও কষ্টকর ছিল। এখন গ্যাসের চুলায় বোতাম চাপলেই রান্না করা যায়। ঘরও পরিষ্কার থাকে। নিজেদের গরুর গোবর থেকেই গ্যাস পাওয়া যাচ্ছে। কখনো গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তাও নেই। বায়োগ্যাস প্ল্যান্ট তাঁদের সংসারে স্বস্তি ফিরিয়েছে এবং রান্নার কাজ সহজ করেছে।
আনসারুলের বায়োগ্যাস প্ল্যান্ট দেখতে আসছেন স্থানীয় কৃষকরাও। তাঁদের কেউ কেউ তাঁর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, কেউ আবার নিজের বাড়িতে এমন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছেন।
স্থানীয় কৃষক মো. মফিজল বিএইচএস নিউজকে জানান, আনসারুলের বায়োগ্যাস প্ল্যান্টের কথা শুনে তিনি দেখতে এসেছেন। তাঁর কাছ থেকে পরামর্শও নিয়েছেন। নিজেও এমন প্ল্যান্ট স্থাপন করতে চান। এ জন্য প্রশিক্ষণ নিতে যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করবেন। গ্যাস সিলিন্ডার ও সারের বাড়তি দামের কারণে কৃষি উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে পারলে রান্নার জ্বালানি ও জমির সার—দুই ক্ষেত্রেই সাশ্রয় হবে।
আরেক কৃষক আব্দুল জলিল বলেন, আনসারুল হকের উদ্যোগ তাঁদের ইউনিয়নের জন্য দৃষ্টান্ত। গরুর গোবর ফেলে না দিয়ে বায়োগ্যাস উৎপাদন ও জৈব সার হিসেবে ব্যবহার করা গেলে কৃষকদের খরচ অনেক কমবে। এতে পরিবেশেরও উপকার হবে।
তজুমদ্দিন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট পেজ-৩-এর সহকারী প্রকৌশলী রিয়াজ উদ্দিন বিএইচএস নিউজকে জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন দারিদ্র্য বিমোচন ও কমিউনিটি প্রশিক্ষণের জন্য সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় আনসারুলের প্ল্যান্টটি তৈরি করা হয়েছে। এর ধারণক্ষমতা ১৬০ ঘনফুট। প্ল্যান্টে প্রতিদিন ১২০ কেজি গোবর প্রয়োজন হয়। এটি থেকে ৪ দশমিক ৮ ঘনফুট গ্যাস উৎপাদিত হয়, যা দিয়ে তিন থেকে চারটি চুলা জ্বালানো সম্ভব। প্ল্যান্টটির স্থায়িত্ব ৩০ থেকে ৪০ বছর বলে জানান তিনি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইমাম হোসেন জানান, যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে বায়োগ্যাসসহ পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগ্রহীদের যুবঋণ দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সহায়তা করা হবে। গ্রামের অন্যরাও আনসারুল হকের মতো উদ্যোগী হবেন বলে আশা করেন তিনি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক মো. সেলিম হোসেন বলেন, একটি বায়োগ্যাস প্ল্যান্ট থেকে জ্বালানি পাওয়ার পাশাপাশি বছরে ৪ থেকে ৫ টন উন্নতমানের জৈব সার উৎপাদন করা সম্ভব। এই সার রাসায়নিক সারের ব্যবহার কমানোর পাশাপাশি মাটির স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পরিবেশ দূষণ কমাতেও বায়োগ্যাস প্ল্যান্ট ভূমিকা রাখে। আনসারুল হকের মতো আরও কৃষক এগিয়ে এলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।
