সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরগুনা

বলেশ্বরের পাড়ে টেকসই বেড়িবাঁধের দাবিতে ৩ শতাধিক নারীর মানববন্ধন

টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ এবং উপকূলের মানুষের নিরাপদ জীবনের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছেন তিন শতাধিক নারী।

রোববার দুপুরে বলেশ্বর নদীর পাড়ে রুহিতার বালুর মাঠে এই মানববন্ধন হয়। পাথরঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম কর্মসূচির আয়োজন করে; উপকূলের বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা এতে যোগ দেন।

এ সময় তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয়- ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতাই হোক সমাধান’, ‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’, ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার’, ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’ এবং ‘প্রকৃতি ধ্বংস বন্ধ হোক, জলবায়ু ন্যায্যতায় জাগুক লোক’।

মানববন্ধনে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, সমাজসেবক মেহেদী শিকদার, সোহাগ আকন এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকনসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলের মানুষের জীবন-জীবিকা, বসতভিটা ও প্রাকৃতিক পরিবেশ প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে উপকূলের নারীরা নানা সংকট ও প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। এ অবস্থায় উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং নিরাপদ জীবনযাপনের অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগোষ্ঠীর এসব দাবি ও সংকট আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ আদায় করতে হবে।

মানববন্ধনে আসা কহিনুর বেগম বলেন, “বর্তমানে সারা বিশ্বে জলবায়ু সংকট চলছে। সে দিক থেকে বাংলাদেশের অবস্থাও করুণ। দীর্ঘদিন ধরে জলবায়ু সংকটে আমরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছি সেই পরিমাণে ক্ষতিপূরণ আমরা পাই না। সেই লক্ষ্যেই বলেশ্বর নদীর পাড়ে তিন শতাধিক পরিবারের নারীরা জলবায়ু ন্যায্যতার দাবি আদায়ে এ মানববন্ধনের আয়োজন করেছি।”

উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের প্রত্যাশা, তিনি উপকূলবাসীর এই দাবিগুলো বিশ্বদরবারে জোরালোভাবে তুলে ধরবেন। আমরা যাতে জলবায়ু ন্যায্যতা পাই, সেজন্য আমরা ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই।”