এইমাত্র
বানারীপাড়া

বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস মিয়াকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া থানার উপপরিদর্শক মো. আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বন্দর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মিঠুর বাবা।

এদিন বিকেলে বাইশারী ইউনিয়ন শ্রমিকদল নেতা মো. রাসেলের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার সন্দেহভাজন (অজ্ঞাতনামা) আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিএইচএস নিউজকে জানান, পূর্বের দায়েরকৃত বিস্ফোরক ও ঘরপোড়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে দলীয় নেতা-কর্মীরা মামলার এজাহারনামীয় আসামি না হওয়া সত্ত্বেও বয়োজ্যেষ্ঠ সাবেক কাউন্সিলর ইউনুস মিয়াকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।