এইমাত্র
বরিশাল জেলা

বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বরিশালে বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনা, মামলার জট কমানো এবং বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় সাধনের লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। এ সময় তিনি বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করার বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়া যথাসময়ে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় প্রতিবেদন সময়মতো জমা দেওয়ার নির্দেশনা দেন তিনি। মামলার জট নিরসনে দ্রুততম সময়ে মামলার বিচারকাজ শেষ করা এবং বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে বিচার বিভাগ, পুলিশ, র‍্যাব, সিভিল সার্জন অফিস এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে কনফারেন্সের শুরুতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদের সভাপতিত্বে কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) এস এম মাহফুজ আলম, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিহাবুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল সায়েম, বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কনফারেন্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. তারিকুল ইসলাম।