বরিশালের বন্দর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের চন্দ্রমোহন এলাকায় যৌতুকের দাবিতে ময়না আক্তার নামে এক গৃহবধূকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আদালতে যৌতুকের মামলা দায়ের করার পর জামিনে বের হয়ে এসে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ময়না আক্তার বিএইচএস নিউজকে জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে তাঁর স্বামী সুমন, দেবর সুজন ও শাকিল, শাশুড়ি শাহিনা, শ্বশুর চুন্নুসহ ৪ থেকে ৫ জন মিলে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়।
জানা যায়, প্রায় ১৭ বছর আগে বাগেরহাট জেলার শরণখোলা থানার নলবুনিয়া গ্রামে ময়না আক্তারের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে স্বামী বিদেশে যাওয়ার সময় বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা যৌতুক এনে দেওয়া হয়। এরপরও যৌতুকের দাবিতে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত থাকে বলে অভিযোগ করেন তিনি।
দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে আদালতে যৌতুকের মামলা দায়ের করেন ময়না আক্তার। তবে ওই মামলায় জামিনে বের হওয়ার পরই তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে আহত ময়না আক্তার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ভুক্তভোগী ও তাঁর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
