চরফ্যাশন চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হওয়া এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
শোডাউনটি আবুবকরপুর ইউনিয়নের শিবা চৌমুহনী থেকে শুরু হয়। পরে মোটরসাইকেল বহরটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে চরফ্যাশন বাজার ঘুরে দলীয় কার্যালয়ে পৌঁছায়। সেখানে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আবদুল্লাহ আল নোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক। তাঁর দাবি, কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থাকাকালে রাজনৈতিক কারণে তাঁকে সাতবারের বেশি কারাবরণ করতে হয়েছে। এ সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল।
শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচিত হলে আবুবকরপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন তিনি। স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে সামনে রেখে একটি উন্নত, নিরাপদ ও মানবিক আবুবকরপুর গড়ে তুলতে চান তিনি।
তিনি আরও বলেন, বিচারব্যবস্থায় অর্থের প্রভাব ও টাকার সংস্কৃতি বন্ধ করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করবেন। ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াও তাঁর অন্যতম অঙ্গীকার।
স্থানীয়দের ভাষ্য, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততার কারণে আবদুল্লাহ আল নোমানের ইউনিয়নজুড়ে পরিচিতি ও সমর্থকগোষ্ঠী রয়েছে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে বারবার নির্যাতন ও কারাবরণের শিকার হতে হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক ভূমিকা এবং এলাকার মানুষের পাশে থাকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
