দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও কর্মকৌশল নিয়ে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর সদর রোডের বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) মিলনায়তনে সভাটি হয়। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এ সভার আয়োজন করে; এটি তাদের চলমান ১৫তম যাকাত ফেয়ারের একটি বিশেষ অংশ।
সভায় প্রধান আলোচক ছিলেন চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুর রব। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদ সভাপতিত্ব করেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন সিজেডএমের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল মো. জাকারিয়া হোসেন (অব.)।
সভায় বক্তারা বলেন, বিত্তবানদের যাকাত প্রদানে উৎসাহিত করা এবং যাকাত গ্রহণকারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে সিজেডএম কীভাবে কাজ করছে, তা উপস্থাপন করা হয়েছে। যাকাত ব্যবস্থাপনার আধুনিকায়ন ও দারিদ্র্য বিমোচনে এর সঠিক প্রয়োগ নিয়েও আলোচনা হয়।
বরিশাল অঞ্চলের বিশিষ্টজন, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন। অনুষ্ঠানে সিজেডএমের কার্যক্রম নিয়ে ভিডিও প্রেজেন্টেশন ও মূল উপস্থাপনা তুলে ধরা হয় এবং অতিথিরা আগতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
