বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ৩৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) পিরোজপুরে নবনির্বাচিত জেলা মজলিশে শূরার অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত আমির মাওলানা আব্দুর রব। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত ও মনোনীত মজলিশে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সংগঠনের অনুমোদন সাপেক্ষে কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নতুন কমিটিতে জেলা আমির হিসেবে মাওলানা আব্দুর রব, নায়েবে আমির হিসেবে মাওলানা আমির হোসাইন খান এবং জেলা সেক্রেটারি হিসেবে মোহাম্মদ জহিরুল হক দায়িত্ব পেয়েছেন। সহকারী সেক্রেটারি হয়েছেন মাওলানা ছিদ্দিকুল ইসলাম ও মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। মহিলা বিভাগের জেলা সেক্রেটারি হয়েছেন রহিমা বেগম। এছাড়া ১৪ সদস্যের জেলা কর্মপরিষদও গঠন করা হয়েছে।
বিভাগীয় দায়িত্বে রয়েছেন মো. সোহরাব হোসাইন জুয়েল (মিডিয়া), মাওলানা আব্দুল হালিম (ওলামা), আবু বুশরা (বায়তুল মাল), ড. আব্দুল্লাহিল মাহমুদ (পেশাজীবী) এবং শরীফ মো. আব্দুল জলিল (শিক্ষা)। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মাওলানা আফজাল হোসাইন, মো. আবুল কালাম আজাদ, মো. শহিদুল ইসলাম, মাওলানা আবুল বশার, মো. শাহ জামাল জোমাদ্দার ও মো. হুমায়ুন কবির। কমিটিতে মোট ৩৪ জন সদস্য রয়েছেন; তাদের মধ্যে ৯ জন নারী সদস্যের নাম প্রকাশ করা হয়নি।
এদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শুক্রবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কমিটির সব সদস্যকে মোবারকবাদ জানান।
